নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাঙামাটি পৌরসভা থেকে রাঙামাটি নিউমার্কেট অবধি পদযাত্রা কর্মসূচী পালন করেছে রাঙামাটি জেলা বিএনপি।
সকাল সোয়া এগারোটায় পৌরসভা চত্বর থেকে শুরু হওয়া এই পদযাত্রায় নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার,সাধারন সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ।
কোন প্রকার শ্লোগান না দিয়ে খন্ড খন্ড ভাবে নিজস্ব ব্যানার নিয়ে কর্মসূচীতে অংশ নেয় বিএনপির বিভিন্ন সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
এতে বিএনপি ছাড়াও, যুবদল,ছাত্রদল,শ্রমিকদল,স্বেচ্ছাসেবকদল,তাঁতীদল,জাসাস,মহিলা দল,নগর বিএনপিসহ দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগি সংগঠনসমূহকে অংশ নিতে দেখা যায়।
পদযাত্রা শুরুর আগে পৌরচত্বরে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় কমিটির সহধর্মী বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান এবং জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার।
তারা দৃঢ়তার সাথেই ঘোষণা দেন, বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনেই অংশ নিবেন না তারা এবং এই সরকারের নেতৃত্ব কোন নির্বাচনই সুষ্ঠু এবং অবাধ হবে বলেও মনে করেন না তারা।
তারা বর্তমান সরকারকে ‘রাতের ভোটের সরকার’ হিসেবে অভিযুক্ত করে বলেন, নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকার ছাড়া এই দেশে আর সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
