খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ির পানছড়ি শান্তিপুর অরণ্য কুটিরে চলছে বৌদ্ধধর্মাবলম্বীদের ৩য় গণপ্রবজ্যা গ্রহণ অনুষ্ঠান। দশ দিনব্যাপি ২৯৪জন শ্রামণ ধর্মীয় নানান শিক্ষা গ্রহণ করবেন।
গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই আয়োজন চলবে আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। থাইল্যান্ড থেকে ২১জন ধর্মীয় প্রশিক্ষক নানা বিষয়ে শিক্ষাদান করছেন। এই সময় অংশগ্রহণকারীদের ধর্মীয় পরিবেশ. আচার, রীতির মধ্য দিয়ে থাকতে হবে। প্রতিদিন সকালে মেডিটেশন, বিভিন্ন এলাকায় গিয়ে পিন্ডচরণ করে থাকেন।

প্রব্রজ্যা শব্দের অর্থ হলো সন্ন্যাস জীবন গ্রহণ। বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি অত্যন্ত পবিত্র একটি ধর্মীয় অনুষ্ঠান। প্রত্যেক বৌদ্ধধর্মাবলম্বী সারাজীবনে একবার হলেও প্রব্রজ্যা গ্রহণ করে থাকেন।
পানছড়ির শান্তিপুর অরণ্য কুটির উন্নয়ন কমিটির সহ সাধারণ সম্পাদক অরুনাঙ্কর চাকমা বলেন, নীতিনৈতিকতা, পরিষ্কার- পরিচ্ছন্নতা, নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, সময়জ্ঞান, একতার শিক্ষা লাভের এ এক বিশেষ সুযোগ।
জাগতিক মোহ-মায়া, পাপ বর্জন করে অবিদ্যা, অজ্ঞতা দুঃখকে বিনাশ করে জীবনের তত্ত্বকে আত্মউপলব্ধির লক্ষ্যে প্রব্রজ্জ্যা গ্রহণ করা হয় বলেও জানান তিনি।
