লংগদু প্রতিনিধি ॥
আঞ্চলিক রাজনৈতিক সংগঠন ‘পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’ প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে লংগদুতে কর্মী সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার বগাচত্বর এলাকায় এ সমাবেশের আয়োজন করে সংগঠনের লংগদু উপজেলা কমিটি।
জেএসএস লংগদু উপজেলা শাখার ভূমি ও কৃষি বিষয়ক সম্পাদক বিনয় প্রসাদ কার্বারীর সভাপতিত্বে সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি মোটেও ভালো নেই। সরকারের একটি বিশেষ মহল চুক্তি বিরোধীদের ব্যবহার করে চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে নস্যাৎ করার জন্য নানা রকমের ষড়যন্ত্র করছে। জনসংহতি সমিতির সাথে জড়িত সকল নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় জড়িয়ে তাদেরকে এলাকা ছাড়া করছে। জুম্ম জনগণ বর্তমানে আতংকের মধ্যে রয়েছে।
বক্তারা আরো বলেন, চুক্তির আগে নানা প্রতিকূলতা মোকাবেলা করে দীর্ঘ স্বশস্ত্র সংগ্রামের অবসান ঘটিয়ে অনেক আশা নিয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। কিন্তু এখন সরকার আমাদের সাথে প্রতারণা করছে। পার্বত্য শান্তিচুক্তির ২৫ বছর পেরিয়ে গেলেও চুক্তির মূল ধারাগুলো বাস্তবায়ন করা হয়নি। পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতিতে মোকাবেলা করার জন্য পার্টির চলমান সকল আন্দেলন সংগ্রামে ছাত্র ও যুব সমাজকে এগিয়ে আসার আহবান করেন বক্তারা।
জেএসএস লংগদু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনি শংকর চাকমার সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেএসএস উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক যশু চাকমা, সদস্য অয়ন্তিময় চাকমা, যুব সমিতির সভাপতি তপন জ্যোতি চাকমা, মহিলা কার্বারী নতুনা চাকমা প্রমূখ।
