দীঘিনালা প্রতিনিধি
খাগড়াছড়ির দীঘিনালায় লাকড়ি বহনকারি জীপ (চান্দের গাড়ি) উল্টে একজন নিহত ও গুরুতর আহত হয়েছে ২জন। নিহত জাবেদ হোসেন বাবু (২৩) উপজেলার মেরুং ইউনিয়নের রসিক নগর গ্রামের মো. কামালের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আহত নাঈম হোসেন (২১) একই গ্রামের আনোয়ারের ছেলে। দ্জুনই গাড়িতে লাকড়ি পরিবহনে শ্রমিক হিসেবে কাজ করতো। অপর আহতজন হলেন লাকড়ি বহনকারি ওই গাড়ির চালক উপজেলার জামতলি এলাকার মো. শাহআলম।
স্থানীয় সূত্রমতে ঘটনাটি মঙ্গলবার দুপুর ৩টার দিকে উপজেলার মেরুং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের দূর্গম পনছড়ি এলাকায়। লাকড়ি বহনকারি গাড়িটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়লে এ দূর্ঘটনা ঘটে। তাতে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহযোগীতায় হতাহতদের উদ্ধার করে নিহত বাবুকে তাঁর নিজ বাড়িতে এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্র এবং সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের বরাত দিয়ে দূর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন মেরুং ইউপি চেয়ারম্যান মাহমুদা বেগম লাকি।
অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত উপসহকারী চিকিৎসা কর্মকর্তা সুজাতা তালুকদার জানান, নাঈম হোসেন এবং শাহআলম নামের আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের বুকে আঘাত থাকায় প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
Previous Articleলামায় ১০ ইটভাটাকে সাড়ে ২৮ লাখ টাকা জরিমানা
Next Article লংগদু যুবলীগের সম্মেলন : ২ পদে লড়ছেন ৯ নেতা
