শুভ্র মিশু
শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে রাঙামাটি জেনারেল হাসপাতালে বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা। আক্রান্তদের বেশির ভাগই শিশু। এছাড়া গত একসপ্তাহে বহির্বিভাগ থেকে চিকিৎসা নিয়েছেন অন্তত ৭০শিশু।
জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বুধবার সকালে ২০শয্যার শিশু ওয়ার্ডে ভর্তি আছে ৩০শিশু। তারা সকলে শীতজনিত সর্দি, কাশি-জ¦র, ডায়রিয়া, শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বাড়তি রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষের। এছাড়াও শহরের ফার্মেসিগুলোতে ডাক্তারের চেম্বারে শীতজনিত নানারোগে আক্রান্ত রোগীর চাপ রয়েছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর পিতা তুষার চাকমা জানান, গত কয়েকদিন ধরে রাঙামাটিতে শীতের তীব্রতা বাড়ছে। এতে দুইতিন ধরে আমার মেয়ের সর্দিকাশি জ্বরের সাথে শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে ভর্তি করায়। এখন শ্বাসকষ্ট কমেছে চিকিৎসকরা ওষুধ দেয়ার পর।
রাঙামাটি জেনারেল হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা. জুলিয়া ভিকারুন জানান, শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যেসব শিশু আসছে তাদের চিকিৎসা প্রদান করা হচ্ছে। যেহেতু শীতের তীব্রতা বাড়ছে সেজন্য শিশুদের যাতে ঠান্ডা না লাগে সেজন্য অভিভাবকদের বাড়তি নজর দেয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।
