নিজস্ব প্রতিবেদক
খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, সামনেই নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে একটি মহল ষড়যন্ত্রে নেমেছে। বাংলাদেশ আওয়ামীলীগের বিরুদ্ধে এই ষড়যন্ত্র সবসময় ছিল, সাধারণ জনগণ সবসময় ব্যালটের মাধ্যমে সেই ষড়যন্ত্রের যোগ্য জবাব দিয়েছে। তাই তিনি নির্বাচনকে সামনে রেখে সব ধরনের ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে এক সংবর্ধনা সভায় তিনি এই কথা বলেন। কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী কমিটিতে পুনরায় সদস্য মনোনীত হওয়ায় রাঙামাটি জেলা আওয়ামীলীগ এই সংবর্ধনা সভার আয়োজন করে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সাবেক চেয়ারম্যান বৃষকেতু চাকমা, জেলা পরিষদের সদস্য অংসুইসাইন চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে এমপি দীপংকর তালুকদার বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের একজন সদস্য হতে পারাও অনেক গৌরবের। সেখানে আমাকে তিনবার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মনোনীত করা হয়েছে। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
