মহালছড়ি প্রতিনিধি ॥
ঐতিহাসিক পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে মহালছড়িতে শীতবস্ত্র ও শিক্ষা সামগ্রী প্রদান করেছে সেনাবাহিনী। বুধবার সকালে প্রত্যন্ত অঞ্চল বাজেছড়া এলাকায় প্রায় দুই শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র ও স্থানীয় স্কুল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক সামগ্রী ও খেলাধুলার সামগ্রী দেয়া হয়।
মহালছড়ি জোনের অধিনায়ক লে. কর্নেল শাহরিয়ার সাফকাত ভূইয়া উপস্থিত থেকে স্থানীয়দের মাঝে কম্বল, শীতবস্ত্র, শিক্ষা সহায়ক ও খেলাধুলা সামগ্রী তুলে দেন। এছাড়া উপস্থিত সকলের সাথে কুশলাদি বিনিময় করেন। এসময় হেডম্যান, কার্বারিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জোন অধিনায়ক বলেন, শান্তি-সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে মহালছড়ি জোন সর্বদা নানা রকম সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কর্মসূচির ধারাবহিকতা বজায় থাকবে। এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
