মাটিরাঙ্গা প্রতিনিধি
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ইউনিটের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মাটিরাঙ্গা সেনা জোনকে সাজানো হয় বর্ণিল সাজে। বুধবার বেলা ১টার দিকে মাটিরাঙ্গা জোন সদরের সুসজ্জিত প্যান্ডেলে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী‘র কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি, জি।
প্রধান অতিথির বক্তব্যে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন বলেন, সেনাবাহিনীর অঙ্গনে ৪৭ বছর বয়সী ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অর্জন অনেক বেশি। এ ইউনিট পাহাড়ে শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসীদের মুলোৎপাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর সৈনিকদের দেশপ্রেমে উজ্জীবীত হয়ে দেশের কল্যাণে কাজ করারও আহবান জানান।
অনুষ্ঠানে শুরুতেই ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লে. কর্নেল মো: মঞ্জুরুল কবির পিএসসি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান।
এসময়, ডিজিএফআই খাগড়াছড়ি ডেট কমান্ডার লে. কর্নেল মো: ওয়াদুদ উল্লাহ চৌধুরী পিএসসি, ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক, ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী লক্ষ¥ীছড়ি জোন অধিনায়ক লে: কর্ণেল মো: জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলী, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরাসহ বিভিন্ন সামরিক, বেসামরিক পদস্থ কর্মকর্তাগন ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে আমন্ত্রিত সামরিক-বেসামরিক অতিথিগণ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর অধিনায়ক লে. কর্ণেল কাজী মো: শামশের উদ্দিন পিএসসি‘র হাতে ফুল ও উপহার তুলে দিয়ে শুভেচ্ছা জানান।
