শংকর হোড়
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সেলিনা আখতার বলেছেন, পাহাড়ের জীবনমান উন্নয়নে শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে। শিক্ষার মাধ্যমে অনগ্রসর জাতিকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। রাঙামাটির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুধু দেশেই নয়; একদিন বিদেশেও নামকরা একটি প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রধানমন্ত্রীর আন্তরিকতা থাকায় আমরা সেই কাজটি করে যাচ্ছি। বিশ্ববিদ্যালয়টি ভুটানের কোন শিক্ষাপ্রতিষ্ঠানের মত হবে। যেখানে আমরা পাহাড়ের ক্ষতি না করে, জঙ্গল না কেটে, গাছ না কেটে প্রকৃতির সৌন্দর্য অক্ষুণœ রেখে গড়ে তুলবো। তিনি বুধবার রাঙামাটি প্রেসক্লাবের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন। রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য আরো বলেন, সাংবাদিকরা স্থানীয় উন্নয়নে অনেক বড় অবদান রাখতে পারে। তাদের লিখনীর মাধ্যমে একটি অঞ্চলের সার্বিক পরিস্থিতি তুলে ধরার মাধ্যমে অত্র এলাকার উন্নয়ন ত্বরান্বিত করার সুযোগ সৃষ্টি হয়। তিনি বলেন, কখনো হলুদ সাংবাদিকতার আশ্রয় নেয়া যাবে না। হলুদ সাংবাদিকতা আমরা কেউ চাই না।
রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হকের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, পুলিশ সুপার মীর আবু তৌহিদ, রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক তুষার কান্তি বড়–য়া, রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাছাদ্দিক হোসেন কবির, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গিরিদর্পণ সম্পাদক একেএম মকছুদ আহম্মেদ, সাবেক প্রেসক্লাব সভাপতি সুনীল কান্তি দে, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি সৈয়দ মাহবুবুর রহমান। এছাড়া জেলা ও বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, সত্য লিখনীর মাধ্যমে সাংবাদিকরা সমাজ গঠনে ভূমিকা রাখতে পারে। সাংবাদিকরা মাঠে-ময়দানে যে তথ্য উপাত্ত সংগ্রহ করে প্রতিদিন আমাদের সামনে উপস্থাপন করছে সেগুলোর মাধ্যমে আমরা সমাজের প্রকৃতি অবস্থা নিরুপণ করতে পারি।
জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ মাদক নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। আর এক্ষেত্রে একসাথে পুলিশের পাশাপাশি কাজ করার সুযোগ রয়েছে সাংবাদিকদেরও। পুলিশ ও সাংবাদিক একে অপরের সাথে সহযোগিতা এবং তথ্য আদানপ্রদানের মাধ্যমে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পারে।
এর আগে সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন ক্লাবের সদস্যবৃন্দ। আলোচনা সভা শেষে প্রীতি ভোজের আয়োজন করা হয়।
