রাঙামাটিতে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত
জিয়াউল জিয়া
পুলিশসহ অংশীদারি সব প্রতিষ্ঠানের সঙ্গে ম্যাজিস্ট্রেটদের সাথে সেতুবন্ধন তৈরি করতে রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স। শনিবার সকালে রাঙামাটি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সম্মেলনে রাঙামাটি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আবদুল্লা আল মাহমুদ, রাঙামাটি সদর হাসপাতালে আরএম শওকত আকবরসহ রাঙামাটিতে কর্মরত সকল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
মুক্ত আলোচনায় বিচার বিভাগের সব অংশীদারের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সাধারণ মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। কোন ব্যক্তিকে আদালতে উপস্থিত করা এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কি কি বিষয় গুরুত্ব দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে থানার অফিসার ইনচার্জদেরকে নির্দেশনা দেয়া হয়।
চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফ বলেন, আমরা সকলে জনগণের সেবক হিসেবে কাজ করছি। কোনও নিরপরাধ ব্যক্তির যাতে সাজা না হয় সেদিকে সতর্ক রাখতে হবে। আমরা সঠিকভাবে কাজ করলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করবে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে উদ্দেশ্যে দেশ স্বাধীন করা হয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা সকলে মিলে কাজ কবো।
এসময় তিনি আরও বলেন, জেলার বিভিন্ন থানায় তদন্ত থাকা অবস্থায় তদন্ত কার্য দক্ষতার সঙ্গে আইনের নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করে আদালতে প্রতিবেদন প্রেরণ করতে হবে। যথাসময়ে মামলার সাক্ষী উপস্থাপন নিশ্চিত করে তাদের নিরাপত্তা বিধান, গ্রেপ্তারের পর আইনের নির্ধারিত সময়ের মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে সোপর্দ করে পরোয়ানা জারির ক্ষেত্রে আরও তৎপর হওয়ার আহবান জানান।
