রাঙামাটিতে বিডিনিউজ’র শিশু সাংবাদিক কর্মশালায় জেলা প্রশাসক
নিজস্ব প্রতিবেদক
‘একজন সত্যিকার পেশাদার সাংবাদিককে নিজের দেশ ও জনপদের প্রতি যেমন গভীর মমত্ববোধ থাকতে হবে,তেমনি দায়িত্বপালনেও সৎ ও নিরপেক্ষ হতে হবে,তবেই তার সাংবাদিকতা হবে বস্তুনিষ্ঠ’- শনিবার রাঙামাটিতে দেশের প্রধান অনলাইন নিউজ পোর্টাল বিডিনিউজ এর শিশু সাংবাদিক কর্মশালা শেষে সনদ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত দুইদিন ব্যাপি এই কর্মশালায় রাঙামাটির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন,যাদের বয়স ১৮ বছরের নীচে। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিডিনিউজ’র প্রধান কার্যালয়ের প্রশিক্ষক সৈয়দ মৌ জান্নাত মহুয়া। তাকে সহযোগিতা করেন ব্যাঙ্গ্যালোর ইউনিভার্সিটির মাসকমিউনিকেশন এন্ড জার্নালিজম’র শিক্ষার্থী ও ভারতের প্রখ্যাত দৈনিক দ্য হিন্দু’র ইন্টার্নী তানিয়া এ্যানি।
দুইদিন ব্যাপি কর্মশালায় শিশুদের সাংবাদিকতার পাশাপাশি তাদের বেসিক বিভিন্ন সামাজিক ইস্যু ও আইন সম্পর্কে ধারণা দেয়া হয়। একই সাথে সাংবাদিকতার পঠনপাঠন,পদ্ধতি ও কিভাবে সাংবাদিকতা করতে হয় সেই সম্পর্কে হাতে কলমে বিশদ শিক্ষা দেয়া হয়। হ্যালোর সাবেক শিশু সাংবাদিক রায়হান সাঈদ,অভিষেক বৈদ্য পুরো আয়োজনটির নেপথ্যে সার্বিক সহযোগিতা করেন।
কর্মশালার শেষ দিনে সবার হাতে সনদপত্র তুলে দেয়া হয়। বিডিনিউজ এর রাঙামাটি প্রতিনিধি ফজলে এলাহীর সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী,বিশিষ্ট শিক্ষাবিদ নিরূপা দেওয়ান,রাঙামাটি জেলা স্কাউটের সাধারন সম্পাদক নুরুল আবছার,রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক চৌধুরী হারুনুর রশীদ।
পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, ‘ একজন সৎ সাংবাদিক বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে পুরো একটি জনপদকে পাল্টে দিতে পারে। আমি চাই তোমাদের মধ্য থেকে এমন সাংবাদিক উঠে আসুক।’
জেলা প্রশাসক শিশু সাংবাদিকদের প্রতি ‘অসাম্প্রদায়িক’ ও ‘দেশপ্রেমিক’ হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, এই দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকব। দেশকে ভালোবাসতে হবে মায়ের মত,পরম মমতায়।
