নাইক্ষংছড়ি প্রতিনিধি
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ি ইউনিয়নের লেমুছড়িতে সড়ক দুর্ঘটনায় আলী মিয়া (২৮) নামে এক ট্রাক্টর চালক নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাক্টর মালিকও গুরুতর আহত হয়। বৃহস্পতিবার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম লেমুছড়ি সড়কে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষ্যদর্শীরা জানান।
নিহত ট্রাক্টর চালককে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে গেলে নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তপন বড়ুয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। নিহত আলী মিয়া লালমনিরহাট জেলার আজিতামারি উপজেলার বাসিন্দা। আহত ট্রাক্টর গাড়ির মালিক রুহুল আমিন (৪৫)। সে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দৌছড়ি এলাকার মৃত আতর আলীর ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দৌছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ ইমরান। তিনি বলেণ, দুপুরে বালু নিয়ে ট্রলি গাড়িটি লেমুছড়িতে আসেন। যাওয়ার পথে লেমুছড়ির প্রথম উঁচু পাহাড়টি উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
