বান্দরবানের লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর প্রাণ গেছে। আহত হয়েছে আরও দুজন।
শুক্রবার সকালে উপজেলার আজিজনগর ইউনয়িনের ৬ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনায় নিহত খাদিজা বেগম একই ইউনিয়নের চিউনি সোহরাব পাড়ার ফজর আলীর স্ত্রী।
আজিজনগর ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন প্রত্যক্ষদর্শী বরাতে জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে খাদিজা নিজের ধানক্ষেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ একদল হাতির পালের আক্রমণে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ ঘটনায় আহত মোজাম্মেল বয়াতি ও আমির আলীকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় তাদের।
লামা বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল হক বলেন, “দিন দিন হাতির আবাস্থল কমে যাচ্ছে। ফলে বন্য হাতি ও মানুষের দ্বন্দ্ব হচ্ছে। উভয়ের নিরাপদ আবাস্থলের জন্য সচেতনতামূলক কর্মসূচি চালু রয়েছে। উভয়ের জন্য কিভাবে নিরাপদ করা যায় সে ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে করণীয় ঠিক করা হবে।”
বন্য হাতির আক্রমণে নিহত বৃদ্ধাকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান বন বিভাগের এই কর্মকর্তা।
এদিকে আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন লামা থানা ওসি শহিদুল ইসলাম চৌধুরী।
