লামা প্রতিনিধি
উদ্ধুদ্ধকরণের মাধ্যমে তামাকের আবাদ হ্রাস করে তেলজাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা বীজ বিতরণ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলার ৫০ জন কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে এ বীজ বিতরণ করা হয়।
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মনের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নির্বাহী অফিসার মো. মোস্তফা জাবেদ কায়সার। এতে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন ও মিল্কি রানী দাশ, প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কালীশঙ্কর পাল, কৃষকলীগের সভাপতি আব্দুল ওহাব বিশেষ অতিথি ছিলেন।
আলোচনা শেষে প্রতিজন কৃষকের হাতে প্রতি বিঘা জমিতে চাষের জন্য এক কেজি করে সরিষা বীজ তুলে দেন অতিথিবৃন্দ। বীজ বিতরণের সত্যতা নিশ্চিত করে লামা উপজেলা কৃষি কর্মকর্তা রতন চন্দ্র বর্মন বলেন, উপজেলায় কৃষি জমির একটি অংশে কৃষকরা মাটি ও পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষ করে আসছে। তাই উদ্ধুদ্ধকরণের মাধ্যমে তামাকের আবাদ হ্রাস করে তেলজাতীয় ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সরিষার চাষে উদ্বুদ্ধ করছি। আশা করছি আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আমরা ভালো ফলন পাবো।
