হাসপাতালে বাড়ছে রোগী, পরিস্থিতি অবনতির আশঙ্কা
জিয়াউল জিয়া
সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটি জেনারেল হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। সবাই সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবিলা না করলে পরিস্তিতি আরও অবনতির আশঙ্কা করছেন হাসপাতাল কর্তৃপক্ষের।
বৃহস্পতিবার জেনারেল হাসপাতাল ঘুরে দেখা গেছে ডেঙ্গু রোগীদের মশারি টানিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ভর্তি আছেন ৪ জন রোগী।
জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, এখন পর্যন্ত ২৫ জন ভর্তি হয়েছিলেন এর মধ্যে বর্তমানে ৪জন রোগী ভর্তি আছেন। বাকিরা সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন।
সূত্র থেকে আরও জানা যায়, বহিঃবিভাগে ১ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত ৪১ জন ডেঙ্গু পরীক্ষা করে যার মধ্যে ৮ জনের পজেটিভ পাওয়া যায়।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডাঃ শওকত আকবর জানান, এখন পর্যন্ত পুরোপুরি আশঙ্কা জনক না হলেও দিন দিন রোগী বাড়ছে। অনেকে হাসপাতালে রক্ত পরীক্ষা না করে বাসায় চিকিৎসা নিয়ে সুস্থ হচ্ছেন বলে জানতে পারছি। তবে রাতে ঘুুমানোর আগে অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। বাসার আসেপাশে পানি যেন জমে না থাকে সেই বিষয়ে সর্তক হওয়া জরুরী বলে জানান তিনি।
