নিজস্ব প্রতিবেদক
আগামী ২৫ অক্টোবর পর্যন্ত রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে রাঙামাটির যুগ্ম জেলা জজ আদালত। ফলে আগামী ১১ অক্টোবর অনুষ্ঠিতব্য রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন পিছিয়ে গেলো অনির্দিষ্ট সময়কালের জন্য ! এর আগে ঘোষিত তফসিল অনুসারে আগামি ১১ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা সংস্থাটির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।
নিজের ক্লাব নিবন্ধন না পাওয়ায় আদালতের শরনাপন্ন হন রিজার্ভবাজারের নবীন সংঘ ক্লাবের সভাপতি মোঃ শাওয়ালউদ্দিন। আদালতে দেয়া আর্জিতে তিনি, দুটি ক্লাব নিবন্ধন পেলেও তাদের ক্লাব কেনো একই যোগ্যতায় নিবন্ধন পাবেনা, এর বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি নিবন্ধনের বেলায় জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র ভঙ্গ হয়েছে বলে অভিযোগ আনেন।
এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার এই আদেশ দিলো জেলা যুগ্ম জেলা ও দায়রা জজ এর আদালত।
রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার আইনজীবি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন জানিয়েছেন, ‘ ক্লাব নিবন্ধন জটিলতায় করা একটি মামলার প্রেক্ষিতে আদালত ২৫ অক্টোবর পর্যন্ত নির্বাচন স্থগিত ঘোষণা করেছে। ২৫ অক্টোবর পূর্ণাঙ্গ শুনানীর দিন ধার্য্য করেছে আদালত। যেহেতু মামলা চলমান আছে,সেহেতু নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী সকল কার্যক্রম বন্ধ থাকবে।’
