শুভ্র মিশু
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অতিবৃষ্টিতে পাহাড় ধসে যানচলাচল বন্ধ রয়েছে সকাল থেকে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে অতি বৃষ্টির কারণে রাতে যে বা ভোরে যে কোন সময় সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দ রাম পাড়া এলাকায় রাস্তার উপর একটি পাহাড় ধসে পড়ে। যার কারণে বুধবার সকাল থেকে সাজেকে যানচলাচল বন্ধ রয়েছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার দুপুর ১২টায় জানান, গতকাল রাতে প্রচুর বৃষ্টির কারণে সাজেকে যাওয়ার পথে শুকনা নন্দ রাম পাড়া এলাকায় রাস্তার উপর একটি পাহাড়ের বেশ বড় অংশ ধ্বসে পড়েছে। এতে কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সেখানে কোন বসতি না থাকায় ঠিক কখন ধ্বসে পড়েছে তার জানা যায়নি।
সকালে সড়কটিতে যানচলাচল শুরু হলে তখন জানা যায় পাহাড় ধ্বসের বিষয়টি। ইতিমধ্যে সেনাবাহিনীর একটি টিম রাস্তা থেকে মাটি সরানোর কাজ শুরু করেছে। যানচলাচল শুরু করতে দুই তিন ঘন্টা সময় লাগবে।
এদিকে সড়কটি থেকে ধসে পড়া মাটি সড়ানোর কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তারা জানিয়েছেন, কয়েকঘন্টার মধ্যেই যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
পূজার ছুটির কারণে হাজারো পর্যটক ভীড় করেছিলো পাহাড়ী উপত্যকা সাজেকে। পাহাড় ধসের কারণে সাজেকগামি ও সাজেক ফেরা দুই দিকের পর্যটকরাই আটকে গেছে,কয়েক ঘন্টার জন্য।
