ওমর ফারুক মুছা, লংগদু ॥
উন্নয়নের মূল শক্তি সম্প্রীতি। সমাজ, দেশ ও জাতির উন্নয়নের জন্য সমাজে মিলেমিশে সম্প্রীতির বন্ধন বজায় রেখে এক সাথে কাজ করতে হবে। শুক্রবার রাঙামাটির লংগদুতে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী, হেডম্যান, কার্বারি, ছাত্র-ছাত্রী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতি সমাবেশে বক্তারা এসব কথাগুলো বলেছেন।
সকালে উপজেলার পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত সম্প্রীতি সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জনি রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদুর রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা মো. এখলাস মিঞা খান।
অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শুভাশিষ কর্মকার, লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজুল ইসলাম ঝান্টু, মাইনীমুখ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফেরদৌস আলম, মাইনীমুখ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক রোফিকুন্নেছা, বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম, হেডম্যান মানিক কুমার চাকমা, মুফতি ওবায়দুল্লাহ, শিক্ষিকা শিপ্রা মিত্র, মাওলানা সোহেল আহমেদ। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু সরকারী মডেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহসহ ধর্মীয় প্রধান, শিক্ষক, হেডম্যান, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধিরা এসময় উপস্থিত ছিলেন।
বক্তারা আরো বলেন, এখানে বসবাসরত সকল জাতিগোষ্ঠি স্ব-স্ব ধর্মীয় অনুশাসন মেনে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ, ভালবাসা থাকলে সম্প্রীতিও বজায় থাকবে বলে বক্তারা জানান। এবার লংগদু উপজেলার তিনটি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা যাতে সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় তার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়।
