ইকবাল হোসেন, বরকল ॥
রাঙামাটি সদর উপজেলার কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় ইলিয়াস হোসেন কাঞ্চন (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বালুখালী ইউনিয়নের কাইন্দারমুখ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি বরকল উপজেলা সদরের আলী আকবরের ছেলে।
তার স্বজনরা জানান, গত ৫সেপ্টেম্বর রাতে সে বাড়ি থেকে বের হয়ে যায়। তারপর থেকে তার কোন খোঁজপাওয়া যাচ্ছিল না। গত শুক্রবার বিকালে পরিবারের সদস্যরা খবর পান বাদুরার ছড়া এলাকায় তার ব্যবহৃত গেঞ্জি ও মোবাইলের ব্যাটারি পাওয়া গেছে, সেটা শুনে তারা সেখানে ছুটে যান এবং তারপরই পরিবারের সদস্যরা বরকল থানা একটি জিডি করেন। নিখোঁজের ১১দিন পর মরদেহটি কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় উদ্ধার করে পুলিশ।
মৃত ইলিয়াছের মেজ ভাই ইদ্রিছ বলেন, গত ৫ নভেম্বর সাড়ে সাতটায় বরকল বাজার সংলগ্ন চাইল্যাতলী গ্রামের নিজ বাড়ি থেকে বরকল বাজারের উদ্দেশ্যে বের হয়ে আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর বরকল উপজেলা অফিস সংলগ্ন কর্ণফুলী নদীর সাথে সংযোগকৃত বান্দরীছড়া ছোট নদীর পাড়ে ইলিয়াছের পড়নের গেঞ্জি, এক পায়ের জুতা ও পানিতে খুঁজতে গিয়ে ফোনের ব্যাটারি খুঁজে পান বলে জানান। কিন্তু ইলিয়াছের কোনোসন্ধান না পেয়ে পেয়ে গত ৯ সেপ্টেম্বর বরকল থানায় জিডি করা হয়।
কোতোয়ালি থানার এসআই মো. আশরাফ জানান, মরদেহটি পানিতে থাকতে থাকতে অর্ধগলিত হয়ে যাওয়ায়, প্রাথমিক অবস্থায় তার শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কিনা তা বুঝা যাচ্ছে না, ময়নাতদন্তের রিপোর্ট আসলে তার মৃত্যুর কারণ জানা যেতে পারে।
বরকল থানার ওসি নাসির উদ্দীন বলেন, থানায় ইলিয়াছের পরিবার জিডি করেছে। যেহেতু লাশ পাওয়া গিয়েছে সেহেতু ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
