নিজস্ব প্রতিবেদক ॥
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাঙামাটিতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে শহরের দলীয় কার্যালয়ে ঘন্টাব্যাপি রাঙামাটি জেলা বিএনপি’র উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপি’র সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, সাবেক সংসদ সদস্য মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় বক্তারা বলেন, এই সরকার অবৈধ ও অনির্বাচিত সরকার। জনগণের কাছে তাদের জবাবদিহিতা নাই বলে যা ইচ্ছে তাই করছে। সাধারণ মানুষ তিন বেলা খেয়ে বেঁচে থাকাই এখন কষ্ট হয়ে পড়েছে। সরকারের মন্ত্রীদের দুর্নীতির কারণে দেশ আজ সংকটে পড়েছে। আজ সব কিছুর দাম আকাশ ছোঁয়া। একমাত্র আন্দোলনের মাধ্যমেই এই অবৈধ, অনির্বাচিত, দুর্নীতিবাজ সরকারকে ক্ষমতা থেকে নামানো হবে। এজন্য সকলকে আন্দোলনের প্রস্ততি নেয়ার আহ্বান জানান হয় সমাবেশ থেকে।
কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেন, ২০১৪ ও ১৮ সালের মতো নির্বাচন করা যাবে না, সরকারে অধীনে আর কোন নির্বাচন হতে দেওয়া হবে না। একই সাথে সংসদ বিলুপ্ত করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন দিয়ে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে নতুন পার্লামেন্ট গঠন করতে হবে, সরকার গঠন করতে হবে।
