খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি জেলা সদরের খবং পুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গেটে চাপা পড়ে শ্রাবণ দেওয়ান (৫) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। সে ঐ বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী।
বুধবার সকাল ৯টায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। অভিভাবকরা এ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করেছেন। নিহত শ্রাবণ দেওয়ান জেলা সদরের নারায়ণ খাইয়া পাড়ার প্রণয় দেওয়ান ও বাসনা চাকমার ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রাক-প্রাথমিকের শিক্ষার্থী শ্রাবণ দেওয়ান সকাল ৯টার দিকে বিদ্যালয়ে প্রবেশ করার সময় হঠাৎ গেটটি ভেঙ্গে তার ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এলাকাবাসী এ ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষকে দায়ী করে বিচার দাবি করেছে।
পুলিশের এএসআই গোবিন্দ চন্দ্র রায় জানান, স্কুলের গেটটি দীর্ঘ দিন ধরে নড়েবড়ে অবস্থায় ছিল। গেটটি গাছে খুঁটি দিয়ে আটকে রাখা হয়েছিল। কিন্ত স্কুল কর্তৃপক্ষ ব্যবস্থা না নেয়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
খবর শুনে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন ও উপজেলা শিক্ষা অফিসার মো. রবিউল ইসলাম।
শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন স্কুলের গেট চাপা পড়ে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।
