সাইফুল হাসান ॥
জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে ৫২ শতাংশ ভাড়া বৃদ্ধির হারে রাঙ্গামাটি শহরের অভ্যন্তরীণ একমাত্র পরিবহন অটোরিক্সা সিএনজির ভাড়া নির্ধারণ করেছেন জেলা প্রশাসন। রবিবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান’র সভাপতিত্বে এসময় সভায় আরও উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, বিআরটিএ সহকারি পরিচালক প্রকৌশলী আতিকুর রহমান, রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন’র সভাপতি পরেশ মজুমদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, আদিবাসী অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি বিপাশ চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভা থেকে জানানো হয়, রাঙামাটি অভ্যন্তরীণ একমাত্র পরিবহন অটোরিক্সা সিএনজি হওয়ার কারণে গতকাল তেল বৃদ্ধিকে কেন্দ্র করে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে ভাড়া নিয়ে বাকবিতন্ডায় অভ্যন্তরীণ পরিবহন বন্ধ থাকে। তাই জরুরি সভায় সিদ্ধান্ত মোতাবেক তেলের দাম বিবেচনা করে ৫২ শতাংশ ভাড়া বৃদ্ধি করা হয়েছে।
সভা থেকে আরও জানানো হয়, শহরের অভ্যন্তরীণ ভাড়া বিবেচনায় ৮ টাকার ভাড়া ১০ টাকা, ১২ টাকার ভাড়া ১৫ টাকা, ২০ টাকার ভাড়া ২৫ টাকার, ২৪ টাকার ভাড়া ৩০ টাকা করে নতুন ভাড়া নির্ধারণ করে বাড়ানো হয়েছে।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রাঙামাটি শহরে একমাত্র অভ্যন্তরীণ পরিবহন অটোরিক্সা হওয়ায় আমাদের সবাইকে সে বিষয়ে বিবেচনা করে কাজ করতে হবে। কোন ধরণের বিশৃঙ্খলা সহ্য করা হবে না। আমাদের একে অন্যের কথা বিবেচনা করতে হবে এবং সুবিধা-অসুবিধা বুঝতে হবে।
সভা শেষে দীর্ঘ প্রায় ২৭ ঘন্টার পর জেলা শহরের অভ্যন্তরীণ একমাত্র যাত্রী পরিবহণ অটোরিক্সা সিএনজি চলাচল শুরু হয়।
