সাগর চক্রবর্তী কমল, মাটিরাঙ্গা ॥
কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া বলেছেন, আওয়ামীলীগ দেশে তেলের সঙ্কট তৈরি করে মধ্যরাতে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করেছে। তেলের সঙ্কটের কারণে বিদ্যুৎ উৎপাদন হবে না। বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেলে সকল কর্মসংস্থান বন্ধ হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে দেশে খাদ্য সঙ্কট দেখা যাবে।
এমন অবস্থায় দেশে শ্রীলঙ্কার পরিণতি দেখা দিয়েছে মন্তব্য করে ওয়াদুদ ভুইয়া বলেন, শ্রীলঙ্কার মানুষ সেদেশের মন্ত্রী ও সরকারকে নদীতে ফেলেছে, এদেশের মানুষও অল্প দিনের মধ্যে সরকারকে বঙ্গোপসাগরে ফেলবে। শনিবার বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মো. বাহাদুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু ইউছুফ চৌধুরী, সাধারণ সম্পাদক এমএন আফছার ও যুগ্ম-সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি মো. নাছির আহাম্মদ চৌধুরী, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আযাদ, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মতিন, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক শাহজালাল কাজল, তাইন্দং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম, বেলছড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মো. আব্দুস সালাম, তবলছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইব্রাহিম বক্তব্য রাখেন।
দ্বি-বার্ষিক কাউন্সিলের দ্বিতীয় অধিবেশনে মো. বাহাদুর খানকে সভাপতি, মো. নজরুল ইসলাম চৌধুরীকে সিনিয়র সহ-সভাপতি, মো. বদিউল আলমকে সাধারণ সম্পাদক, মো. আবুল কালাম আযাদকে প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক ও মো. জিয়াউর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আবু ইউছুফ চৌধুরী।
