সৈকত বাবু
জেলা সভাপতির সাথে দ্বন্দ্বে রাঙামাটির জাতীয়তাবাদী দল বিএনপির সকল পদ পদবি থেকে পদত্যাগ করেছেন বিএনপি নেতা শিশির বিন্দু চাকমা। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা বিএনপির প্রধান কার্যালয়ে এ পদত্যাগ পত্র জমা দেন। এ সময়ে তিনি জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক কাউকে না পেয়ে সভাপতির টেবিলে পদত্যাগপত্র রেখে আসেন।
রাঙামাটি জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক ও রাঙামাটি পৌর বিএনপির নেতা শিশির বিন্দু চাকমা বলেন, সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি দলের সকল পদ পদবি থেকে পদত্যাগ করলাম। তবে দলকে ভালোবাসি সামনেও ভালোবেসে যাবো। পৌর বিএনপির কোন পদে আছেন জানতে চাইলে তাৎক্ষণিক পদের নাম জানাতে পারেনি শিশির।
টেবিলে পদত্যাগপত্র রাখা বিষয়ে তিনি আরো বলেন, আমি বারবার সভাপতি সাধারণ সম্পাদককে বিষয়টি জানাচ্ছি কিন্তু তারা গুরুত্ব দিচ্ছেন না, তাই আমার পদত্যাগপত্র টেবিলে রেখেই যেতে হচ্ছে।
পদত্যাগপত্র টেবিলে জমা রাখার কিছুক্ষণ পর জেলা সভাপতি বিএনপি কার্যালয়ে আসেন এবং পদত্যাগের বিষয় নিয়ে একান্তে দুজনে আলাপ করেন। তবে এতে কোন সমঝোতা হয়নি। রুম থেকে বের হয়ে শিশির জানায় তার করা পদত্যাগে তিনি অনড় আছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মুলত জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদারের সাথে মনোমালিন্যের কারণেই দল থেকে পদত্যাগের এমন সিদ্ধান্ত নিয়েছেন শিশির বিন্দু চাকমা।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার বলেন, শিশির আমার ছোটজন সে আবেগে এমন সিদ্ধান্ত নিয়েছে। আশাকরি সব ঠিক হয়ে যাবে। শিশির পদত্যাগ করবে না।
উল্লেখ্য, জেলা বিএনপির সভাপতি শাহ আলমের মৃত্যুর পর বিগত ৯ জুন কাউন্সিলের মাধ্যমে সভাপতি পদে নির্বাচিত হন দীপন তালুকদার। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক দিয়েই কার্যক্রম পরিচালনা করছে দলটি। এখনো পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হয়নি। এরমধ্যেই ঘটলো এমন পদত্যাগের ঘটনা।
