পানছড়ি প্রতিনিধি ॥
‘শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন’ -এই মূলমন্ত্রকে সামনে রেখে, খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় এক ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। স্থানীয় জনগোষ্ঠীকে উৎসাহ উদ্দীপনা প্রদানের মাধ্যমে বিভিন্ন খেলাধুলা, সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ত করার প্রয়াসে, শান্তি সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে রবিবার বেলা ৩টায় টুর্নামেন্টটি শুরু হয়। সদর দপ্তর লোগাং জোন (৩ বিজিবি) এর আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় টুর্নামেন্টে মোট ০৮টি দল অংশগ্রহণ করছে। এতে পাইলট ফার্ম বন্ধু একাদশ, হিল পাওয়ার স্পোর্টস ক্লাব, মোহাম্মদপুর ইয়াং স্টার ক্লাব, ফাতেমা নগর মেঘনা যুব কল্যাণ ক্লাব, দম দম স্পোর্টিং ক্লাব, স্বপ্নসিঁড়ি পূজগাং একাদশ, ফেল্ডস -১১ এবং যদাবল একাদশ অংশগ্রহণ করছে। নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টটি আগামী ২৯ মে সমাপ্ত হবে।
উদ্বোধনী খেলায় পাইলট ফার্ম বন্ধু একাদশ ২-১ গোলে হিল পাওয়ার দলকে হারিয়েছে। খেলার প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়। গোল করে বন্ধু একাদশ এরপক্ষে জাহেদুল ইসলাম ও হিল পাওয়ার এর পক্ষে ফেলারাম চাকমা। দ্বিতীয়ার্ধের শেষদিকে নলেজ চাকমার দর্শনীয় গোলে ২-১ এ বন্ধু একাদশ বিজয়ী হয়।
টুর্নামেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) এর অধিনায়ক ও লোগাং জোনের জোন কমান্ডার লে. কর্নেল রুবায়েত আলম, পিএসসি বলেন, খেলাধুলা পারস্পারিক সম্পর্ক উন্নয়ন, সহযোগিতা বৃদ্ধি, সহমর্মিতা ও একতাবদ্ধ হওয়ার শিক্ষা দেয়। তাই এই ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা অব্যাহত থাকবে।
