সৈকত বাবু ॥
রাঙামাটি কিংস বনাম ঢাকা কিংসের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটির চিংহ্লা মং মারী স্টেডিয়ামে শুক্রবার সকাল নয়টায় এ ম্যাচ শুরু হয়। ২০০১ থেকে ২০০৩ সাল পর্যন্ত যারা রাঙামাটি জেলা দলের হয়ে ক্রিকেট খেলেছে তাদের সাথে ঢাকার এসএসসি ব্যাচ-৯৯ ঈদ উপলক্ষে প্রীতি ম্যাচ আয়োজন করে। ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী।
পুরোনো সতীর্থদের সাথে নিয়ে পুরোনো স্মৃতিকে মনে করে আনন্দ উপভোগ করাই ছিল এ ম্যাচ আয়োজনের লক্ষ্য এমনটাই জানান আয়োজকরা। রাঙামাটি জেলা ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়রা একে অন্যকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। স্মৃতিচারণ করেন খেলোয়াড়ি জীবনের। ম্যাচকে ঘিরে এক উৎসবের আমেজ তৈরি হয় স্টেডিয়ামে।
রাঙামাটি কিংসকে ৫৯ রানে হারিয়ে জয়ী হয় ঢাকা কিংস। ঢাকা কিংসের হয়ে শওকত সর্বোচ্চ ৮৩ রান করেন।
উদ্বোধনী বক্তৃতায় পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, এমন আয়োজন খুবই প্রশংসনীয়। পুরোনো সবাই এমন ম্যাচ আয়োজন করলে সবার মধ্যে পুরোনো বন্ধুত্ব আরো সুদৃঢ় হবে। এমন ম্যাচ দেখে বর্তমান খেলোয়াড়রাও উৎসাহিত হবে।
রাঙামাটি কিংসের হয়ে খেলেন বেনু দত্ত, আব্দুল করিম লালু, নজরুল ইসলাম নান্টু, সৈকত রঞ্জন চৌধুরী বাবু, নিজাম উদ্দিন, অভিজিৎ খীসা রানু, সোহেল, সুমন দত্ত, হিমেল চাকমা, শ্যাম বৈদ্য, সঞ্জিত ও হাসান কবির।
