মানিকছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মানিকছড়ির উপজেলার বাটনাতলীতে বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে আগুনে পুড়ে নগদ টাকাসহ তিন লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে জানা গেছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়নের বাটনাতলী এলাকার বাসিন্দা মো. বাবুল সওদাগরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একটি বড় বসতঘর, ঘরে থাকা নগদ ১ লাখ ২০ হাজার টাকা, বেশ কয়েকটি দামি মোবাইল ফোন ও ৩ লক্ষাধিক টাকার আসবাবপত্রসহ একটি রান্না ঘর পুড়ে যায় বলে দাবি করা হয়েছে।
ক্ষতিগ্রস্ত মো. বাবুল সওদাগর জানান, স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করা হলেও মুহুর্ত্বের মধ্যেই তার বসতবাড়ির একটি বড় ঘর ও বিভিন্ন আসবাবপত্রসহ সংসারের প্রয়োজনীয় সবকিছু পুড়ে ভস্মিভূত হয়েছে। অগ্নিকাণ্ডে চার লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় নাজিম উদ্দিন জানান, হঠাৎ করে বাড়িতে আগুন লাগার খবরে আমরা (এলাকাবাসী) ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে মুহুর্ত্বেই আগুন ছড়িয়ে পড়লে মাটির দেয়ালটি ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
