কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট দৈর্ঘ্য একটি অজগর অবমুক্ত করা হয়েছে। মঙ্গলবার সকালে কাপ্তাই বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা খন্দকার হক মুরাদের উপস্থিতিতে বন বিভাগের সদস্যরা অজগরটি কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, গত সোমবার রাত প্রায় ৮টার দিকে অজগরটি কর্ণফুলী নদী থেকে কার্গো ট্রলি এলাকার বসতঘরে খাবারের সন্ধানে প্রবেশ করে। স্থানীয়রা বিষয়টি বন বিভাগকে জানালে বন বিভাগের লোকজন গিয়ে সাপটি উদ্ধার করে। উদ্ধার করা অজগর সাপটির ওজন আনুমানিক ২০-২২ কেজি হবে। ইতিপূর্বে বন বিভাগ বেশ কয়েকটি অজগর সাপসহ উদ্ধারকৃত বিভিন্ন বণ্যপ্রাণী কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করেছে।
রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহমুদুল হক মুরাদ বলেন, দক্ষিণ বন বিভাগীয় কর্মকর্তা ছালেহ মো. শোয়াইব খানের নির্দেশে উদ্ধার করা অজগরটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়। এসময় বনকর্মীরা উপস্থিত ছিলেন।
