কাউখালী প্রতিনিধি
রাঙামাটির কাউখালী উপজেলার ফটিকছড়ি ইউনিয়ন হতে মাখ্যাইসা মারমা (১৭) নামে এক মারমা কিশোরী ১৩ এপ্রিল থেকে নিখোঁজ রয়েছে। এ বিষয়ে ১৭ এপ্রিল রাতে কাউখালী থানায় নিখোঁজ ডায়েরি করেছে কিশোরীর পিতা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ফটিকছড়ি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রক্তছড়ি গ্রামের চাইথোয়াইপ্রু মারমার স্কুল পড়ুয়া মেয়ে মাখ্যাইসা মারমা (১৭) ১৩ এপ্রিল ঘর থেকে বের হয়। দিন শেষে ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা আত্মীয় স্বজনসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ করে।
কোথাও তার সন্ধান না পাওয়ায় নিখোঁজের পাঁচদিন পর ১৭ এপ্রিল রাতে কাউখালী থানায় নিখোঁজ ডায়েরি করেন কিশোরীর পিতা চাইথোয়াইপ্রু মারমা।
