কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাইয়ে ভ্রাম্যমান আদালতের অভিযানে মামলা ও জরিমানা আদায় করা হয়েছে। সোমবার বিকেলে কাপ্তাই জেটিঘাট বাজারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির জাহান এ অভিযান পরিচালনা করেন। অভিযানে তিন দোকানিকে সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দোকানে পাওয়া মেয়াদোত্তীর্ণ বিভিন্ন খাদ্যদ্রব্য জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
আদালত সূত্র জানায়, অভিযান পরিচালনাকালীন কাপ্তাই জেটিঘাট চিটাগং স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার দায়ে জেটিঘাট ক্যাফে আজিজ হোটেলকে একই আইনে ৮ হাজার টাকা এবং সজল দাশের দোকানকে ৫শ’ টাকাসহ মোট ৩টি মামলায় সাড়ে ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. ইলিয়াছ, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সার্টিফিকেট সহকারী আরিফ হোসেন ও কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়ির সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন।
