নিজস্ব প্রতিবেদক
পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি নৃ-গোষ্ঠীদের প্রধান সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু, সাংলান-১৪২৮ ও বাংলা নববর্ষ-১৪২৯ এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পাহাড়ের নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীগুলোর ঐতিহ্যবাহী এই উৎসবের আনুষ্ঠানিকতা উপলক্ষে জেলা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার বিকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা শহরের কলেজ গেইট এলাকা থেকে একটি শোভাযাত্রা শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে শুরু হয় বিভিন্ন নৃ-গোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় নৃত্যসহ অন্যান্য সাংস্কৃতিক আয়োজন।

শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে চাকমা, মারমা, ত্রিপুরাসহ অন্যান্য জনগোষ্ঠীর তরুণ-তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরিধানসহ বিভিন্নভাবে নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরেছেন।

বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি। এসময় বিভিন্ন পাহাড়ি নৃ-গোষ্ঠীর বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

