রাজস্থলী প্রতিনিধি
রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাঙ্গালহালিয়া বাজারে হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. আশোক কুমার দাশ দীর্ঘদিন যাবৎ মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। ক্যান্সার আক্রান্ত এই মানুষটির পাশে দাঁড়িয়েছেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আদোমং মারমা।
গত রোববার সন্ধ্যায় বাঙ্গালহালিয়া বাজারে তার নিজ চেম্বার আরোগ্য নিকেতন হোমিও হলে তার উন্নত চিকিৎসার জন্য নগদ ২০ হাজার টাকা প্রদান করেন ইউপি চেয়ারম্যান আদোমং মারমা। এসময় উপস্থিত ছিলেন, বাঙ্গালহালিয়া ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক রাহুল বড়ুয়া, বিশিষ্ট ব্যবসায়ী সুজিত কর টিপু, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি সুমন বড়ুয়া।
হোমিওপ্যাথি চিকিৎসক আশোক কুমার দাশ বলেন, দীর্ঘদিন যাবৎ মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে লড়াই করে চলছি। বেঁচে থাকার জন্য উন্নত চিকিৎসার খুবই দরকার। নগদ ২০ হাজার টাকা অর্থ সহযোগিতা পেয়ে চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এসময় ইউপি চেয়ারম্যান আদোমং মারমা বলেন, মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। মানুষ বাঁচানোর কারিগর হোমিওপ্যাথিক ডা. আশোক কুমার দাশের আজ নিজের চিকিৎসার প্রয়োজন। তাই বিবেক থেকে তার প্রতি সামান্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমি তার সুস্থতা কামনা করি।
