শুভ্র মিশু
রাঙামাটি জেলা আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত তৃণমূল প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন, কক্সবাজারের মানুষ প্রাকৃতিক দুর্যোগের কারণে অশান্তিতে থাকে আর আপনারা মানব সৃষ্টি কারণে অশান্তিতে আছেন। বার বার প্রাকৃতিক দুর্যোগ আসে, তার ক্ষতি আমরা ধৈর্য্য ধরার মধ্যদিয়ে কাটিয়ে উঠতে পারি। আপনাদেরকেও ধৈর্য্য ধরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, রাঙামাটির মাটি উর্বর সে মাটিতে যদি চাষ করা না হয় তাহলে সেখানে আগাছা জন্মাবে। তেমনিভাবে রাজনৈতিক চর্চা করতে হবে নিয়মিত। কারো ভয়ে সভা সমাবেশ বন্ধ রাখা যাবে না। রাজনৈতিক চর্চা করা না হলে সেখানে অপরাজনীতি জন্মাবে। প্রধানমন্ত্রীর ওপর বিশ্বাস রাখুন, এই অশান্তির সমাধান হবে। সন্ত্রাসের বিরুদ্ধে জয় হবেই।

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন বলেন, ‘এখানে কথায় কথায় অবৈধ অস্ত্রের ঝনঝনানির কথা বলছেন। সারাদেশে এক শ্রেণীর ৭১ এর পরাজিত শক্তি সন্ত্রাসী কর্মকা- পরিচালিত করছে এতে আমরা সংক্রমিত নই। কারণ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন। যে প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে শিক্ষার হার বাড়ে, ঘরে ঘরে বিদ্যুৎ যায়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ে, মানুষ স্বপ্ন দেখতে শেখে। এই প্রধানমন্ত্রী যাদের আছে তাদের হারাবার কিছু নেই। এই পাহাড়ি কন্যার মানুষ আসুন আমরা নতুন করে স্বপ্ন দেখি। আমরা আপনাদের এখানে বেড়াতে আসতে চাই। বেড়াতে এসে কেউ তো জায়গা দখল করবে না। মদের দোকান খুঁজবে না, ফাইভ স্টার হোটেল, স্পা খুঁজবে না। থাকতে চাইবো শনের ঘরে, মন প্রাণ ভরে প্রকৃতি উপভোগ করতে। এতে এই অঞ্চলের মানুষের আত্ম-সামাজিক উন্নয়ন হবে, দারিদ্রের হার কমে আসবে। পর্যটনের বিষয়ে কেন এই বৈরিতা?’

সোমবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ গোষ্ঠির ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন মাহবুব উল আলম হানিফ। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। প্রতিনিধি সভায় ইউনিয়ন, উপজেলা, জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
