সৈকত বাবু
রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি দীপংকর তালুকদারকে হাস্যরস করে জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেছেন, ‘দীপংকর দা বাঁশ দিতে ওস্তাদ।’ কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের বেম্বো চিকেন চাওয়া নিয়ে তিনি এমন মন্তব্য করেন। এসময় সভাস্থলে হাস্যরসের পরিবেশ তৈরি হয়।
সোমবার রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে জেলা আওয়ামী লীগের তৃণমূল প্রতিনিধি সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব মন্তব্য করেছেন। সভায় জেলা আওয়ামী লীগ সভাপতি দীপংকর তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
এসময় আওয়ামী লীগের এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘আজকাল নেতারা সব গাছে উঠেছে, নেতারা কেউ মাটিতে নেই। মানুষের সঙ্গে নেই। নেতারা বিদ্যুতের খাম্বায়, গাছের মাথায়। বঙ্গবন্ধুর ছবি মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়, নেত্রীর ছবি কিছুটা দেখা যায় এরপর আমার মতো নেতার বড় ছবি, আবার এর সৌজন্যে একজন ভূমি দস্যু, মাদক ব্যবসায়ী, সমাজবিরোধী, টেম্পু স্টেন্ডের চাঁদাবাজ ইত্যাদি লোকের ছবি। এমন করে আমরা পুলকিত বোধ করছি। কিন্তু এতে করে যে আমরা জনগণের কাছ থেকে দূরে সরে যাচ্ছি তা আমাদের কারো মাথায় নেই। তৃণমূল প্রতিনিধি সম্মেলনে নিজের দলের নেতাদের নিয়ে এমনটাই মূল্যায়ন করেন হুইপ স্বপন।
এসময় তিনি প্রতিনিধি সভায় তৃণমূল পর্যায়ের নেতাদের নিজেদের হাজের করা বক্তব্যে বিরক্তবোধ করেন।
হুইপ বলেন, গণমানুষের দল আওয়ামী লীগ। এই দলকে কখনো বিলুপ্ত করা যাবে না। ইচ্ছে করে যারা মন্দ কাজ করে তাদের দল করার দরকার নেই। আমাদের যে ভুল ত্রুটি আছে তা সংশোধন করতে হবে।
দারিদ্র সীমার নিচে সবচেয়ে বেশী রাঙামাটি থাকার কারণ সম্পর্কে তিনি বলেন, রাঙামাটিতে যে রিসোর্স আছে তা দিয়ে নিজেদের সব মিটিয়ে দেশের রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া যাবে।
