রামগড় প্রতিনিধি ॥
‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এ স্লোগানে বাংলাদেশ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বুধবার খাগড়াছড়ির রামগড়ে ১০ টাকা কেজি দরে ভোক্তাপ্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এই কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত। পাতাছড়া ইউনিয়ন চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হিমো চাকমা, জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট ট্যাগ অফিসার এ সময় উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান ভূঁইয়া জানান, বছরে দুই প্রান্তিকে নিম্ন আয়ে অবস্থানকারী কার্ডধারী জনগণের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করা হয়ে থাকে। উপজেলার রামগড় ও পাতাছড়া ইউনিয়নে চারজন ডিলার আগামী পাঁচমাস প্রতিমাসে ১ হাজার ৭শ ৪৬ জন ভোক্তার মাঝে এ চাল বিতরণ করবেন।
উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত বলেন, কঠোর মনিটরিং ব্যবস্থায় ইউনিয়ন পর্যায়ে প্রকৃত ভোক্তা নিরূপণ করে এই চাল বিতরণ করা হচ্ছে। আমরা লক্ষ্য রাখছি যাতে প্রকৃত ভোক্তা এ সেবা পায়।
