কাউখালী প্রতিনিধি
রাঙামাটির কাউখালীতে ২৫ লিটার চোলাই মদসহ একজন ও ওয়ারেন্টভুক্ত আরও একজনসহ দুই নারীকে গ্রেফতার করেছে কাউখালী থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার কলমপতি ইউনিয়নের পোয়াপাড়া এলাকা থেকে চোলাই মদসহ নিউমা মারমা (৪৩) কে ও জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পুলুমা মারমাকে মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয়।
মাদকসহ আটক নিউমা মারমা উপজেলার ঘাগড়া ইউনিয়নের কচুখালী হেডম্যান পাড়া এলাকার মৃত ক্যথোয়াই মারমার মেয়ে এবং পুলামা মারমা কলমপতি ইউনিয়নের মাঝের পাড়া এলাকার মৃত নিউচা মারমার মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, আটক নিউমা মারমা পোয়াপাড়াস্থ একটি ভাড়া করা বাড়িতে চোলাই তৈরি করে ব্যবসায়ের উদ্দেশে মজুদ করে রেখেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার ঘর তল্লাশি করে বিভিন্ন কোম্পানির ২৫০ গ্রামের কোমলপানীয় বোতলে মজুদকৃত ২৫ লিটার চোলাই মদ জব্দ করা হয়। এছাড়া মাদক মামলার ওয়ারেন্টভূক্ত আসামি পুলুমা মারমাকে চট্টগ্রামে বায়জিদ এলাকা থেকে আটক করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহীদুল ইসলাম জানান, আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ অবৈধ দেশীয় তৈরি চোলাইমদ বিক্রয় করে আসছে। কাউখালী থানা পুলিশ মদকসহ সকল অপরাধ র্নিমূলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
