নিজস্ব প্রতিবেদক
যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে পার্বত্য জেলা রাঙামাটিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শহিদ আব্দুল আলী মঞ্চে এ অনুষ্ঠানের আলোচনা করা হয়।
অনুষ্ঠানে রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতেরর নির্বাহী প্রকৌশলী অনুপম দে’সহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ ও বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষের দিকে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এর আগে সকালে দিবসটি উপলক্ষে রাঙামাটি সদর উপজেলা পরিষদ এলাকায় অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসন। এছাড়া জেলা প্রশাসকের কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ম্যুরাল উন্মোচন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান মহোদয়। এসময় জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এদিকে, দিবসটি উপলক্ষে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডসহ জেলার বিভিন্ন সরকারি দফতর ও শিক্ষাপ্রতিষ্ঠান পৃথকভাবে কর্মসূচি পালন করেছে।
