পার্বত্য জেলা রাঙামাটিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (৬ মার্চ) বিকালে সিপিবি রাঙামাটি জেলা কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় বক্তারা কমিউনিস্ট পার্টির ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে লড়াই, সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন।
আলোচনা সভায় জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সমীর কান্তি দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা কমিউনিস্ট পার্টির সহকারী সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, সম্পাদকমণ্ডলীর সদস্য আশীষ দাশগুপ্ত, সদস্য কমল দে, জেলা যুব ইউনিয়নের সভাপতি মিল্টন বিশ্বাস ও জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক প্রান্ত রনি। সভার সঞ্চালনা ও কমিউনিস্ট পার্টির দ্বাদশ কংগ্রেস উত্তর রিপোর্ট পেশ করেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক অনুপম বড়ুয়া শংকর।
সভায় সিপিবির নেতারা বলেন, ‘ভারত বিভাজনের পর ১৯৪৮ সালের ৬ মার্চ এ দল পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হয়। সমাজতন্ত্র প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্যকে সামনে রেখে জন্মলগ্ন থেকেই এ পার্টি আপোষহীনভাবে অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এ পার্টির বীরত্বপূর্ণ অবদান রয়েছে। ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির বিশেষ গেরিলা বাহিনীর ১৯৭১ এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।’
বক্তারা আরও বলেন, ‘আজ আমরা এমন এক সময়ে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটি পালন করছি; যখন মানুষের দেওয়ালে পিট ঠেকে গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, বেকার সমস্যা, ভোটাধিকার খর্ব, নিরাপত্তাহীনতা নানা মাত্রিকভাবে মানুষ আজ অধিকার বঞ্চিত ও বঞ্ছনার শিকার। অথচ সরকার মানুষকে উন্নয়নের বাণী শুনিয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ তো মানুষ মারার উন্নয়ন চান না। তারা খেযে-পরে বাঁচতে জান। এ পরিস্থিতি থেকে মুক্তির জন্য লড়াই, সংগ্রামের বিকল্প নেই। রাজপথই আমাদের অধিকার রক্ষায় অগ্রসর করবে।’ বিজ্ঞপ্তি
