নিজস্ব প্রতিবেদক ॥
‘মুজিব বর্ষের অঙ্গীকার, রক্ষা করবো ভোটাধিকার’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে রাঙামাটিতে। বুধবার সকালে সিনিয়র জেলা অফিসের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রাঙামাটি সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ভোটার হওয়া নাগরিক অধিকার। ১৮ বছর হওয়া মাত্রই সকলের ভোটার হওয়া উচিত। ভোটার হওয়ার মাধ্যমে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ভোগ করা যায়। ভোটাধিকার রক্ষার জন্য নির্বাচন কমিশন দায়িত্ব পালন করে যাচ্ছে। বাংলাদেশ সরকার ভোটাধিকার রক্ষায় নানান কর্মসূচি গ্রহণ করেছেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে ভোটার তালিকায় তথ্য নিবন্ধনসহ দিনব্যাপী বিভিন্ন নাগরিক সেবা প্রদান করা হচ্ছে।
