নিজস্ব প্রতিবেদক ॥
বুধবার ২ মার্চ বঙ্গবন্ধু রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে প্রতিভা ক্লাবকে ৬১ রানে হারিয়ে রফিক স্মৃতি ক্রিকেট ক্লাব শুভ সূচনা করে। সকালে টসে জিতে রফিক স্মৃতি ক্রিকেট ক্লাবকে ব্যাটিংয়ে পাঠায় প্রতিভা ক্লাব।
রফিক স্মৃতি লেমন ও জয়ের ব্যাটিংয়ে ভালো শুরু করলেও প্রতিভার বোলিং আক্রমণে নিয়মিত উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত সজিব মিয়ার ২১ ও লেমনের ১৮ রানের সুবাধে ২৪.২ ওভারে ১০৬ রানে অলআউট হয়ে যায়। প্রতিভার শাহাদাৎ ৩টি ও রিটন ৩টি করে উইকেট নেন।
স্বল্প পুঁজির ১০৭ রানের টার্গেটে প্রতিভা ব্যাট করতে নেমে রফিক স্মৃতির পেসার ইমরান হোসেন বাবুর তোপের মুখে পড়ে। বাবু ৫ উইকেট নিয়ে মূলত প্রতিভা ক্লাবকে ধসিয়ে দেয় তার সাথে পেসার সাদ্দাম নেয় ৩ উইকেট। প্রতিভা ক্লাব মাত্র ১৩.৪ ওভারে ৪৫ রানে অলআউট হয়ে ৬১ রানের পরাজয় বরণ করে। প্রতিভা ক্লাবের কেউ দু’অঙ্কের স্কোরে যেতে পারেননি। সর্বোচ্চ রান আলাউদ্দিনের ৮!
ইমরান হোসেন বাবু ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
এ জয়ে রফিক স্মৃতি ক্রিকেট ক্লাব লীগে চ্যাম্পিয়ান হওয়ার দৌড়ে অনেকটা এগিয়ে গেলো।
