সৈকত বাবু ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদল। ১জানুয়ারি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ দিনটিকে ঘিরে অন্য সময়ে ছাত্রদল রাঙামাটি জেলা শাখা ব্যপক কর্মসূচি গ্রহণ করলেও এবার নিরবেই পার করছে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী। নেই কোনধরনের আনুষ্ঠানিকতা এমনকি পতাকা উত্তোলনটিও করা হয়নি। দলীয় কার্যালয়ে বিএনপি ও ছাত্রদলের সাবেক নেতাদের চাপে পড়ে বেলা সাড়ে এগারোটায় উত্তোলন করা হয় জাতীয় পতাকা ও বিএনপির দলীয় পতাকা! অনেক খোঁজাখুঁজি করেও ছাত্রদলের নেতারা দলীয় কার্যালয়ে ছাত্রদলের পতাকা না পেয়ে বিএনপির পতাকা উত্তোলন করে দায় সারে।
ছাত্রদলের প্রতিষ্ঠাবির্ষিকীতে এমন কর্মকান্ডে ক্ষুব্ধ ছাত্রদলের তৃণমুল পর্যায়ের নেতাকর্মীরা। একই সাথে ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রদলের সাবেক নেতারাও। এদিকে এমন কর্মসূচিবিহীন প্রতিষ্ঠাবির্ষিকী পালন না করাকে অনেকে ছাত্রদল রাঙামাটি জেলার সভাপতি ফারুক আহমেদ সাব্বির ও সাধারণ সম্পাদক আলী আকবর সুমনের দ্বন্দ্বকেই দায়ী করছেন।
কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাঙামাটি জেলার সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার একইসাথে সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদকসহ জেলা অন্যান্য নেতারা জেলায় থাকলেও প্রতিষ্ঠাবার্ষিকী পালন না হওয়ায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে নেতাকর্মীরা।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ছাত্রদলের কর্মীরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে না পারা এটা অনেক বড় লজ্জার। মুলত সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপিংয়ের কারণে ছাত্রদলটা ধ্বংস হয়ে যাচ্ছে। সকালে যথাযথ মর্যাদায় পতাকা না তুলে দুপুরে দায়সারাভাবে পতাকা উত্তোলন সেটিও জাতীয় ও দলীয় পতাকার অবমাননা করার সামিল। এমন একটি কমিটির নেতাদের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন ছাত্রদলের পতাকা থাকে না এটি কোনভাবেই মেনে নেয়া যায় না।
জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও জেলা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল বলেন, এমন ঘটনা ছাত্রদলের জন্য দুর্ভাগ্য। সকালে আমি দলীয় কার্যালয়ে গিয়ে যখন দেখি কোন কর্মসূচি নাই এমন কি পতাকাও উত্তোলন করা হয় নাই তখন আমি ছাত্রদলের সাধারণ সম্পাদককে ফোন করি এবং জানতে চাই এ অবস্থা কেন? পরে তারা এসে তাদের অভ্যন্তরীণ কোন্দলের কথা জানিয়ে এবছর কোন কর্মসূচি করবে না বলে জানায়। এরা ঐতিহ্যবাহী সংগঠনের মর্যাদাটা রাখতে পারলো না পাশাপাশি বিএনপির জন্য এই ঘটনাটি দুর্ভাগ্যের বলেও তিনি মন্তব্য করেন।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, ছাত্রদলের মত ঐতিহ্যবাহী সংগঠনের কর্মসূচি পালন না হওয়া দুঃখজনক। ছাত্রদলের পতাকা উত্তোলন না করে যদি জাতীয়তাবাদী দলের পতাকা উত্তোলন করে তাহলে এটি নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছে এবং এটি ঠিক হয় নাই। আজ কেন তারা কোন কর্মসূচি পালন করে নাই তা জানি না তবে আজকে করলে অনেক ভালো হতো। ছাত্রদল বিএনপির মুল চালিকাশক্তি আশা করছি তারা আগামীতে ভালো অনুষ্ঠান করবে।
জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম পনির বলেন, আজকের প্রতিষ্ঠাবার্ষিকীর মত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কেন কিভাবে হলো না বা প্রত্যাশা অনুযায়ী সম্পন্ন হয় নাই তা আমাকেও হতবাক করেছে। তারপরও বলি তাদের যে ঘাটতি আছে তা পুষিয়ে উঠে তৃণমুল থেকে গুছিয়ে এনে তাদের কর্মকান্ড পরিচালনা করতে পারবে তেমনটা বিশ্বাস করি।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু বলেন, আগামীকাল ২ জানুয়ারি সারাদেশে ছাত্র সমাবেশ হবার কথা তাই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি। পরে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী ২ তারিখের কর্মসূচিও পালন করা হবে না বলে তিনি জানান।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন ফোনে কথা বলতে অস্বীকৃতি জানিয়ে এ বিষয়ে তার হাইকমান্ডের সাথে বলতে বলেন।
জেলা ছাত্রদলের সভাপতি ও চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ফারুক আহম্মেদ সাব্বিরকে ফোন দিলে তার ফোনের সংযোগ পাওয়া যায়নি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার দিপু বলেন, সকালে পতাকা উত্তোলন আর সন্ধ্যায় আলোচনা সভা করবে তেমনটাই আমার নলেজে ছিল। কর্মসূচি না করার বিষয়ে তাকে অবহিত করলে তিনি জানান এ বিষয়ে ছাত্রদল স্টেটম্যান্ট দিবে।
