কাপ্তাই প্রতিনিধি ॥
পারিবারিক কলহের জেরে রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ৮নং ওয়ার্ডের এ ব্লক এলাকায় মমতাজ জাহান রিয়া(১৯) নামে এক শিক্ষার্থী আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিটে রিয়াকে কাপ্তাই প্রজেক্ট এলাকায় তাঁর নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচানো অবস্থায় উদ্ধার করে। তিনি ঐ এলাকার নজরুল ইসলামের কন্যা। নজরুল ইসলাম কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ক্রেন অপারেটর হিসাবে কর্মরত আছেন। মৃত্যুবরণকারী রিয়া বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট এর মেকানিক্যাল ডিপার্টমেন্টের ৩য় বর্ষের ছাত্রী বলে তাঁর পারিবারিক সূত্রে জানা যায়।
পরে পরিবারের সদস্যরা ওড়না কেটে তাঁকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তায়েফ মাহমুদ তাঁকে মৃত ঘোষণা করেন। ডা. তায়েফ মাহমুদ জানান, রাত ৯টা ২০মিনিটের দিকে তাঁকে হাসপাতালে নিয়ে আনেন তাঁর পরিবার এর সদস্যরা। কিন্তু হাসপাতালে আসার আগে তাঁর মৃত্যু ঘটে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির আইসি পুলিশ পরিদর্শক মো. শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে তিনি তাঁর ঘরে আত্মহত্যা করেছেন এমনটাই ধারণা করা হচ্ছে।
কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. নাসির উদ্দীন জানান, পরিবারের সদস্যদের সাথে অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে।
