নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
মহান বিজয় দিবসকে ঘিরে বান্দরবানে জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটন কেন্দ্রের প্রবেশ ফি একদিনের জন্য ফ্রি করে দিয়েছেন জেলা প্রশাসক। এদিকে টানা তিন দিনের ছুটিতে বান্দরবানে ইতিমধ্যে সব আবাসিক হোটেল, রিসোর্ট, মোটেল এবং রেস্টহাউজ, গেস্টহাউজ গুলো বুকিং হয়ে গেছে। কোথাও কোনো সিট খালি নেই। পর্যটকদের বরণ করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। পর্যটকদের সুবিধার্থে মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর বৃহস্পতিবার একদিনের জন্য জেলা প্রশাসন পরিচালিত দ মেঘলা, নীলাচল, প্রান্তিক লেক, চিম্বুক, নীল দিগন্তসহ জেলার সাত উপজেলার প্রশাসন পরিচালিত সব পর্যটনকেন্দ্রে প্রবেশ ফি ফ্রি থাকবে।
বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি বলেন, পর্যটন নগরী বান্দরবানের সৌন্দর্য দেখতে বছরের পুরোটা সময়ই পর্যটকের আগমন ঘটে। তবে ১৬ ডিসেম্বর টানা ছুটি থাকায় পর্যটকের আগমন আরও বাড়বে। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ও মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটনকেন্দ্রগুলোতে প্রবেশ মূল্য ফ্রি করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। কোনো রকম প্রবেশ ফি ছাড়াই একদিনের জন্য সব দর্শনার্থীরা পর্যটনকেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবে।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরিজি বলেন, পর্যটন নগরী বান্দরবানের সৌন্দর্য দেখতে বছরের পুরোটা সময়ই পর্যটকের আগমন ঘটে। কিন্তু টানা কদিনের ছুটি মানে বাড়তি ভীড়। তাই বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের জেলা প্রশাসন পরিচালিত সব পর্যটনকেন্দ্রগুলোতে প্রবেশ মূল্য ফ্রি করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। কোনো রকম প্রবেশ ফি ছাড়াই একদিনের জন্য সব দর্শনার্থীরা পর্যটনকেন্দ্রগুলোতে প্রবেশ করতে পারবে।
জেলা আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি অমল কান্তি দাস বলেন, শীত মৌসুম হচ্ছে পর্যটকের ভরা মৌসুম। শীতে পর্যটকের আগমন বেশি ঘটে। টানা ৩ দিনের ছুটি থাকায় এ আগমন আরও দুই তিনগুণ বেড়ে যাবে। জেলার সব হোটেল মোটেল অগ্রিম বুকিং হয়ে গেছে। এ ছাড়া পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
এদিকে টুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, লম্বা ছুটি থাকায় পর্যটকদের ঢল নামছে বান্দরবান। পর্যটকরা যাতে নিরাপদে ঘুরে বেড়াতে পারে সে জন্য প্রতিটি পর্যটন স্পটে টুরিস্ট পুলিশের সদস্যরা মোতায়েন থাকবে। সাদা পোশাকধারী পুলিশ সদস্যরাও নিয়োজিত থাকবে। কোনো ধরণের হয়রানি ছাড়ায় পর্যটকরা নিরাপদে ভ্রমণ করতে পারবে।
