কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলা চন্দ্রঘানা মিশন হাসপাতাল ডে উদযাপন উপলক্ষে শনিবার বিকেলে হাসপাতালের স্টাফ ক্লাবে আলোচনা সভা, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াংয়ের সভাপতিত্বে হাসপাতালের চিকিৎসক ডা. রাজীব শর্মা ও ডা. শৈওয়েংগি খিয়াং এর সঞ্চালনায় এইসময় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার ইউনুস, কাপ্তাই থানার ইনচার্জ মো. নাসির উদ্দীন, পার্বত্য চট্টগ্রাম ব্যাপ্টিস্ট চার্চ সংঘের সভাপতি বিপ্লব মারমা, হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিলিয়ম এ সাংমা। এইসময় অতিথিরা কেক কেটে হাসপাতাল দিবস এর উদ্বোধন করেন।
পরে আলোচনা সভায় বক্তারা বলেন, এই অঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর হিসাবে চন্দ্রঘোনা মিশন হাসপাতাল দীর্ঘ ১শত ১৪ বছর ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। এই হাসপাতালের সেবার মান আন্তর্জাতিক মানের।
এদিকে হাসপাতাল দিবস উপলক্ষে হাসপাতালের চিকিৎসা সেবায় সহযোগিতা করার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয় রাঙ্গুনিয়া মরিয়ম নগর এলাকার মরহুম জামাল উদ্দিনের পরিবার এবং চন্দ্রঘোনা কেপিএম এলাকার মিসেস রওশন আরা বেগমকে। এইছাড়া হাসপাতাল ডে উপলক্ষে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এর আগে সকালে মিশন ডে উপলক্ষে একটি আনন্দ র্যালি বের করা হয়।
