ইয়াছিন রানা সোহেল ও ওমর ফারুক মুছা ॥
বাংলাদেশকে নিয়ে ১৯৭১ সাল ও ১৯৭৫ সালে যে ষড়যন্ত্র হয়েছিল তা এখনো অব্যাহত রয়েছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, পাকিস্তান এখনো আমাদের কাছে ক্ষমা না চেয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। দেশে ঘাপটি মেরে থাকা পাকিস্তানী দোসরদের কাছ থেকে দেশকে রক্ষা করতে স্বাধীনতাকামী সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহবান জানান তিনি।
বুধবার লংগদু উপজেলার ভাসাইন্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসা ও হেফজখানার ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে মাদ্রাসা প্রাঙ্গণে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেছেন।
সভায় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আব্দুল হালিম ভোলা সওদাগরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল বারেক সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইনুল আবেদীন, রাঙামাটি জেলা পরিষদের সদস্য আব্দুর রহীম।
শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এতিমখানার জন্য ৫০টি শীতকম্বল প্রদান করা হয়। এর পূর্বে প্রধান অতিথি পার্বত্য রাঙামাটি জেলা পরিষদ নির্মিত মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।
