খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ করেছেন নির্বাচনে পরাজিত আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। মঙ্গলবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ অভিযোগ করেছেন নৌকার প্রার্থী নুরু মোহাম্মদ।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, মাটিরাঙ্গার তবলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রিসাইডিং অফিসার, রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার যোগসাজশে ভোট কারচুপির মাধ্যমে ফলাফল পরিবর্তন করে স্বতন্ত্র প্রার্থী আবুল কাসেম ভূইয়াকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘প্রশাসন তিন দফা ভোটের ফলাফল পরিবর্তন করেছে। নির্বাচনের পর আবুল কাসেম সন্ত্রাসী বাহিনী দিয়ে নৌকার সমর্থক, মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের ওপর চালাচ্ছে।’
এসময় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সভাপতি হুমায়ুন মোরশেদ খান, সাধারণ সম্পাদক সুভাষ চাকমা, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন, তবলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক এসএম কামাল।
প্রসঙ্গত, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত মাটিরাঙ্গা উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২১ ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী নুরু মোহাম্মদ পরাজিত হন। নির্বাচনে আবুল কাসেম ভূইয়া ৫০৩১ আর নুরু মোহাম্মদ ৫০১০ ভোট পান।
