ঝুলন দত্ত, কাপ্তাই
রাঙামাটির কাপ্তাই উপজেলার ২নং রাইখালী ইউনিয়নের কৃষক জসিম উদ্দিন পাহাড়ি অনাবাদি জমিতে মাল্টা বাগান গড়ে তুলেছেন। উপজেলার বাঙ্গালহালিয়া-চন্দ্রঘোনা সড়কের পার্শ্বস্থ হাতিমারা এলাকায় ৪ একর ৫০ শতক পাহাড়ি জমিজুড়ে তিনি মাল্টা বাগান সৃজন করেছেন। সম্প্রতি তার বাগান পরিদর্শন করে দেখা গেছে, বাগানো সারিসারি মাল্টার গাছ। গাছে গাছে ঝুলে আছে মাল্টা। তিনি জানিয়েছেন, গত ৩ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে তিনি এই বাগান গড়ে তোলেন।
জসিম উদ্দিন জানান, ২০১৯ সালের জানুয়ারি মাসে ৪ একর ৫০ শতক এই পাহাড়ি কৃষি জমিতে তিনি মাল্টা বাগান গড়ে তোলেন। প্রায় ২ হাজার মাল্টা গাছ রোপণ করেছেন। এই কাজে তিনি পারিশ্রমিক দিয়ে ২ জন শ্রমিক নিয়োজিত করেছেন। মাল্টা গাছের পাশাপাশি তিনি বাগানে শতাধিক পেয়ারা, বরই, লেবু এবং সফেদা চারা সৃজন করেছেন। চলতি সপ্তাহে তিনি বেশ কিছু গাছ হতে মাল্টা বিক্রি করে প্রায় লক্ষাধিক টাকা আয় করেছেন। জসিমের প্রত্যাশা সামনের বছরেসব কয়টি গাছে ফলন হলে তিনি প্রায় ২০ লাখ টাকার মতো বিক্রয় করতে পারবেন।
এদিকে, কৃষি বিভাগের কারিগর পাড়া ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা বাপ্পা মল্লিক জানান, আমি প্রায়ই তার বাগান পরিদর্শন করি এবং তাকে পরামর্শ প্রদান করে থাকি। ব্যক্তি উদ্যোগে তিনি এতবড় বাগান সৃজন করে কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসূদন দে জানান, আমি কৃষক জসিম উদ্দিনের মাল্টা বাগান পরিদর্শন করে মুগ্ধ হয়েছি। কৃষি বিপ্লবের বাতিঘর হিসাবে কৃষক জসিমের এই উদ্যোগ আমাদের সকলের জন্য একটি উদাহরণ হতে পারে। কৃষি বিভাগ সব সময় প্রান্তিক কৃষকের পাশে ছিলো, আগামীতেও থাকবে।
