নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
‘সত্যের জয় অনিবার্য’ স্লোগানে প্রতিষ্ঠিত ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে খাগড়াছড়িতে। সোমবার এ উপলক্ষে জেলা শহরের মধুপুরস্থ সংগঠনের কার্যালয়ে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটি। এতে আলোচনা সভা, সংগঠনের ‘আত্মত্যাগী নেতাকর্মী’দের স্মরণে এক মিনিট নীরবতা পালন, কেককাটা হয়।
বর্ণাঢ্য এই আয়োজনে ইউপিডিএফ-গণতান্ত্রিক এর কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্যামল কান্তি চাকমা, তথ্য ও প্রচার সম্পাদক মিটন চাকমা, সমাজসেবক মনীষ দেওয়ান, জেএসএস (এমএন লারমা) নেতা সিন্ধু কুমার চাকমা, কিরণ চাকমাসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সভায় পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করাসহ সম্প্রীতি রক্ষার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থেকে নিরীহ জুম্ম জাতির অধিকার আদায় এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের সংগ্রামে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
বক্তারা বলেন, ষড়যন্ত্রকারী এখন জনবিচ্ছিন্ন। যারা মাতৃভূমিকে ষড়যন্ত্র করে তাদের অবস্থান এর চেয়ে ভালো হয় না। এসময় ষড়যন্ত্রকারীদের ধিক্কার জানিয়ে ‘হত্যা, চাঁদাবাজি ও রাজনীতির নামে লুটপাট করে জুম্ম জাতির অধিকারের ধোঁয়া তুলে জুম্ম জাতির কাঁধে বন্দুক রেখে নিজের স্বার্থ হাঁসিলের চক্রান্ত সফল হবে না’ বলে হুঁশিয়ারি জানান সংগঠনটির নেতারা।
এদিকে সংগঠনটির বান্দরবান জেলা, কাপ্তাই, খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি, মানিকড়ি ইউনিটসহ বিভিন্ন উপজেলা ইউনিটগুলো প্রতিষ্ঠাবার্র্ষিকীর কর্মসূচি পালন করছে বলে জানানো হয়েছে। উল্লেখ যে, ২০১৭ সালে ১৫ নভেম্বর খাগড়াছড়িতে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করেছে পাহাড়ের এই আঞ্চলিক রাজনৈতিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক)।
