পার্বত্য জেলা রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের আয়োজনে শিশু সুরক্ষাবিষয়ক দিনব্যাপী এক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে জেলা সমাজসেবা বিভাগের আহ্বায়ক এবং জেলা পরিষদ সদস্য প্রবর্তক চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প পরিচালক এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সদস্য (প্রশাসন) ইফতেখার আহমেদ, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ওমর ফারুক, ইউনিসেফের প্রোগ্রাম অফিসার ইলা চৌধুরী, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নিলুফা নাজনীন, সমাজসেবা বিভাগের জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও টেকসই সামাজিক উন্নয়ন প্রকল্পের জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তারা।
এসময় প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বলেন, শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসহ সকল বিষয়ে সুরক্ষা নিশ্চিত করার জন্য প্রকল্পের জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ের কর্মকর্তাদের প্রকল্পের গতানুগতিক কর্মসূচির পাশাপাশি নিজ উদ্যোগে শিশুদের অধিকার রক্ষায় সচেতনতামূলক কাজে অংশ নিতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতির পুরোভাগে আছে নারী-শিশুরা। এসব দিক বিবেচনায় আগামী দিনগুলোতে শিশুরা যাতে নিরাপদ ভবিষ্যত পায় সে বিষয়ে সকলকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।
