প্রান্ত রনি
দীর্ঘ সাত বছর পর কাল ১৩ নভেম্বর (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাঙামাটি জেলা শাখার অষ্টম সম্মেলন। সম্মেলনে কে হচ্ছেন জেলা বিএনপির আগামীর কান্ডারি, নেতৃত্বে পরিবর্তন নাকি পুরোনো নেতৃত্বেই আস্থা রাখছে কেন্দ্র? এনিয়ে নেতাকর্মীদের মাঝে চলছে আলোচনা-সমালোচনা। তবে সম্মেলনকে ঘিরে এক যুগের অধিক সময় ক্ষমতার বাহিরে থাকা দলটির তৃণমূলের নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য।
দলীয় সূত্র জানায়, আগামী শনিবার সকাল ১০টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু; ইতোমধ্যে বৃহস্পতিবার দুপুরে তিনি রাঙামাটিতে এসে পৌঁছেছেন। সম্মেলনে উদ্বোধক হিসেবে থাকার কথা হয়েছে দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এছাড়া বিশেষে অতিথি হিসেবে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার ও হারুনুর রশিদ, কেন্দ্রীয় বিএনপির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান, উপজাতীয় বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা লে. কর্নেল (অব:) মনীষ দেওয়ান, সদস্য মশিউর রহমান বিপ্লব এবং সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান উপস্থিত থাকবেন।
এই সম্মেলনে বিএনপির বর্তমান নেতৃত্বের পাশাপাশি তরুণ নেতৃত্বও প্রার্থীতা ঘোষণা করেছেন। দলের সভাপতি পদপ্রার্থী হিসেবে রয়েছেন জেলা বিএনপির সভাপতি মো. শাহ আলম ও জেলা বিএনপির সহ-সভাপতি এবং রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম ভুট্টো। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপন তালুকদার (দীপু), যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন জেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম শাকিল, সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ চৌধুরী এবং মোরশেদ আলম।
এদিকে, বৃহস্পতিবার রাতে জেলা বিএনপি কার্যালয়ে দলীয় নেতাকর্মী ও প্রার্থীদের সরব উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা গেছে। সম্মেলনকে ঘিরে জেলা বিএনপি আরও চাঙ্গা এবং জণগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রসর হবে বলে নেতাকর্মীদের আশাবাদ।
